Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ৩১ তম সমাবর্তন। তরুণদের নতুন লক্ষ্য,নতুন বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

WhatsApp Image 2025-12-02 at 9.49.37 AM

নদিয়া: দুই বছর অপেক্ষার অবসান। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩১তম সমাবর্তন উৎসব। এ. পি. জে. আবদুল কালাম অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ সি. ভি. আনন্দ বোস।উদ্বোধনী ভাষণে রাজ্যপাল বলেন, দ্রুত বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্মের দায়িত্বও বহুগুণ বেড়েছে।

তাঁর কথায়, “শিক্ষিত তরুণই সমাজ গঠনের চালিকাশক্তি। শুধুমাত্র সম্পদ বা ক্ষমতার বিচারে নয়, মানুষের জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বাংলার অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে।”

আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধ, সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয়ই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় মূল শক্তি বলে মত তাঁর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর উপাচার্য অধ্যাপক ভি. রামগোপাল রাও। তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ—“নেতৃত্ব কেবল নিজের উন্নতির জন্য নয়, সমাজ ও আশপাশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাই প্রকৃত নেতৃত্ব।”

দীক্ষান্ত ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল জানান, ভবিষ্যতে সমাবর্তন উৎসব প্রতি বছর ১ ডিসেম্বর আয়োজনের ভাবনা রয়েছে। এতে দেশ-বিদেশে কর্মরত প্রাক্তন ও সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের উপস্থিতি আরও সুসংগঠিত হবে বলে আশাবাদী তিনি।

উপাচার্যের কথায়, “রাজ্যের সেরা তো বটেই, দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় কল্যাণী বিশ্ববিদ্যালয়কে জায়গা করে দিতেই আমাদের নিরন্তর প্রচেষ্টা।”দুই বছরের বিরতির পর এবারের সমাবর্তন ঘিরে ছাত্রছাত্রী, গবেষক থেকে অ্যালুমনি—সবার মধ্যেই চোখে পড়ে প্রবল উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক ড. বিমলেন্দু বিশ্বাস জানান, এ বছর মোট ৬৯,৯৯২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী ডিগ্রি পেয়েছেন।

পাশাপাশি ৩০৬ জন গবেষককে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়। ১০১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পদক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়, বিভিন্ন অনুষদের অধ্যক্ষ—অধ্যাপক নিলাশিস নন্দী, অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায়, অধ্যাপক উদয়ভানু ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট অধ্যাপক ও গবেষক।

সমাবর্তনের জাঁকজমক, তরুণদের মুখে সাফল্যের উজ্জ্বল হাসি এবং শিক্ষাঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা—সব মিলিয়ে দিনটি স্মরণীয় হয়ে রইল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে।

Exit mobile version