নদিয়া: মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করল নদিয়ার শান্তিপুর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। শনিবার শান্তিপুর বেলেডাঙ্গা মোড়ে এক ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরেও ফোনটি না পেয়ে হতাশ হয়ে পড়েন ওই ব্যক্তি।পরে ঘটনাক্রমে ট্রাফিক বিভাগে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার ওই ফোনটি উদ্ধার করেন এবং কর্তব্যনিষ্ঠা ও সততার পরিচয় দিয়ে সেটি শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদারের হাতে তুলে দেন।
রবিবার ট্রাফিক ওসি দীপক শিকদার নিজ হাতে ফোনটি ফেরত দেন প্রকৃত মালিকের কাছে। ফোন ফিরে পেয়ে খুশি ওই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ প্রশাসনের প্রতি।এই ঘটনায় স্থানীয় মহলে ট্রাফিক পুলিশের সততা ও দায়িত্ববোধের প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তোলে।
শান্তিপুর ট্রাফিক বিভাগের এই মানবিক পদক্ষেপ বর্তমান সমাজে এক ইতিবাচক বার্তা।
