নদিয়া: এবার বেআইনিভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে সীমান্তে গ্রেপ্তার হলো আফগান নাগরিক। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে। সোমবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি থানার ফতেপুর এলাকার সীমান্ত দিয়ে তিনি চুপিসারে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় টহলরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর বিএসএফ ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। মঙ্গলবার ধৃত আফগান নাগরিককে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখছে।
