নদিয়া: কৃষ্ণনগরের দম্পতি দিব্যজ্যোতি ভট্টাচার্য ও দিগন্তিকা ভট্টাচার্যের হাত ধরে তৈরি রাজনৈতিক দলের প্রতীক দেওয়া বিশেষ চকলেট ভোটবাজারে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সোনালী রঙের এই চকলেটগুলি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই স্বাদেও ভরপুর। তৃণমূল বিজেপি সিপিএম এবং কংগ্রেসের প্রতীকে তৈরি করা হয়েছে এই চকোলেট। যা ভোটের আবহে একেবারেই নতুন সংযোজন। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে এই চকোলেট, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন অর্ডার আসছে। ভট্টাচার্য দম্পতির নিজস্ব উদ্যোগ “দিস প্রোডাক্ট”-এর মাধ্যমেই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় এই সব চকোলেট। এর আগেও তাঁরা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশেষ থিমের চকলেট তৈরি করেছেন। দীপাবলি, ভাইফোঁটা, রাখি বন্ধন উৎসব এবং জামাইষষ্ঠী উপলক্ষে তাঁদের বানানো চকোলেট যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কৃষ্ণনগরের ঘূর্ণির দিব্যজ্যোতি ভট্টাচার্য এবং দিগন্তিকা ভট্টাচার্য স্বামী স্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগ বলেই জানা গেছে। যদিও এ বিষয়ে দিব্যজ্যোতি ভট্টাচার্য জানিয়েছেন, ভোটের মাথায় রেখেই এই বিশেষ চকলেট তৈরির ভাবনা আসে তাদের মাথায়। তাঁর কথায়, “এটা শুধু খাওয়ার জন্য নয়, উপহার হিসেবেও খুব ভালো। অনেকেই ইতিমধ্যেই অনেক জায়গা থেকে অর্ডার করছেন উপহার দেওয়ার জন্য।”
নতুনত্ব, সৃজনশীলতা এবং সময়োপযোগী ভাবনার সংমিশ্রণে এই রাজনৈতিক সিম্বলযুক্ত চকলেট এখন বাজারে আলাদা নজর কেড়েছে। ভোটের উত্তেজনার মাঝেই মিষ্টির এই অভিনব রূপ ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছে। যারা কোনদিন চকোলেট মুখেও তুলে দেখেন না তারাও রাজনৈতিক দলের সিম্বল যুক্ত এই চকোলেট খেয়ে দেখছেন।
