নদিয়া: নির্বাচনী প্রচারের ময়দান থেকে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে একহাত নিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব । এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি নেতাদের কথাবার্তায় যে পরিমাণ আক্রমণাত্মক ভঙ্গি এবং তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে, তা বাংলার সংস্কৃতির পরিপন্থী।
দেব জানান, তপ্ত রোদ উপেক্ষা করে মানুষের যে ঢল নামছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, “যাঁর কাছে মানুষের আশীর্বাদ এবং দোয়া আছে, তাঁর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী ৪ জুন মানুষই ব্যালট বক্সের মাধ্যমে এর জবাব দেবে।”
তৃণমূল সাংসদের অভিযোগ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিল্লির বড় বড় নেতারা বর্তমানে বাংলায় পড়ে আছেন। কিন্তু তাঁরা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেবের কথায়,বাংলা ভালোবাসা এবং সম্মানের রাজ্য। রবীন্দ্রনাথ-নেতাজির এই পুণ্যভূমিতে যদি কাউকে জয়ী হতে হয়, তবে তাঁকে মানুষের মন জয় করতে হবে। কিন্তু বিজেপি নেতারা যেভাবে আগ্রাসন দেখাচ্ছেন, তা সাধারণ মানুষ মেনে নেবে না।”
নির্বাচনী ফলাফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনালো এই তারকা সাংসদ । তিনি দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সংখ্যক আসন পেয়েছিল, এবার তার চেয়ে অন্তত ৫ থেকে ১০টি আসন বেশি পাবে জোড়াফুল শিবির। তাঁর মতে, দিল্লির ‘ষড়যন্ত্র’ বা বিরোধী দলের ‘অস্ত্র’—কোনো কিছুই বাংলার মানুষের ভালোবাসার সামনে ধোপে টিকবে না।
মুখ্যমন্ত্রীকে অমিত শাহর আক্রমণ প্রসঙ্গে বিজেপিকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার পরামর্শ অভিনেতা দেবের।
