Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

প্রেমিকার লাথিতে মৃত্যু হল প্রেমিকের!

WhatsApp Image 2025-12-30 at 6.15.35 PM

নদিয়া: প্রেমিকার লাথিতে মৃত্যু হলো প্রেমিকের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা রেল স্টেশনের কাছে। বহিরগাছির দিকে লাইনের পাশে ঘর করে বউ ও ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন প্রায় ৫০ বছর বয়সী সাগর মণ্ডল। দিন মজুরের কাজ, কখনো আবার ভ্যান রিক্সা চালিয়ে কোনোমতে চলত সংসার।

কিছুদিন আগে, সাগর মণ্ডলের বাড়ির কাছেই স্বামীকে ছেড়ে, ছেলে-মেয়েকে নিয়ে ঘর করে থাকতে শুরু করেন শম্পা বিশ্বাস নামে এক মহিলা। অভাবের সংসার দেখে মানবিকতায় গলেছিল সাগরের মন। নিজের অল্প আয়ের মধ্য থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।সেই সাহায্যই ধীরে ধীরে রূপ নেয় প্রেমের সম্পর্কে।প্রায় ৫ বছর ধরে চলতে থাকে তাদের সম্পর্ক—সব জেনেও, নিজের সংসার থাকা সত্ত্বেও নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন সাগর।

কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় ছবি।অভিযোগ, সাগর মণ্ডলের টাকাতেই শম্পা বিশ্বাস তার মেয়ের বিয়ে দেয়। এত কিছুর পরেও হঠাৎই সম্পর্ক ছিন্ন করতে চান শম্পা। কিন্তু সাগর মণ্ডল তা মানতে পারেননি। এর মধ্যেই অন্য রাজ্যে কাজে যাওয়ার পরিকল্পনা করেন সাগর।এরপরেই শুরু হয় অশান্তি।অভিযোগ, প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসের বৌমার কাছে ফোন নম্বর আনতে যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির গলির মধ্যেই সাগর মণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়ে তার প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে শচীন বিশ্বাস।পরিবারের অভিযোগ,শম্পা বিশ্বাস বারবার লাথি মারেন সাগর মণ্ডলের পুরুষাঙ্গে। তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাগর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি—সেখানেই মৃত্যু হয় সাগর মণ্ডলের।

ঘটনার পর সাগর মণ্ডলের পরিবার আরংঘাটা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসকে আটক করে পুলিশ।আজ সকালে টোটো করে পালানোর চেষ্টা করার সময় আরও দু’জনকে আটক করা হয়েছে। তবে এখনও পলাতক
প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে শচীন বিশ্বাস। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ।

ভালোবাসা, বিশ্বাস, সাহায্য— সব কিছুর শেষে এমন পরিণতি ভাবতেই পারছে না এলাকা বাসী। এই ঘটনা যেন প্রশ্ন তুলে দিল ভালোবাসার পরিণতি কি প্রেমিকার লাথি?

Exit mobile version