Site icon Nadia News in Bengali, নদিয়া খবর, Latest and Breaking News Headlines, Today Local Nadia News – Nadia News 24

“ওরাই আমাকে রাস্তায় নামিয়েছে” কালীগঞ্জে প্রার্থী ঘোষণার পর বলল তামান্নার মা সাবিনা ইয়াসমিন!

WhatsApp Image 2026-03-16 at 7.47.21 PM

নদিয়া: জল্পনা আগেই চলছিল। বামফ্রন্টের প্রার্থী ঘোষণার পর তাতে শীলমোহর পড়লো। নদিয়ার কালিগঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী ঘোষণার পর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক তামান্নার মা। চোখের সামনে জল জ্যান্ত মেয়েটাকে মেরে ফেলল ওরা। মেয়ের মৃত্যুর বিচারের আশায় আন্দোলন করতে রাস্তায় নামতে হয়েছিল তাকে। এবার নামতে হচ্ছে ভোটের ময়দানে। বিন্দু মাত্র ভয় নেই তার। মেয়ের খুনের বিচার চাইতে মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করতে বেরোবেন নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিন। গত বিধানসভা উপ নির্বাচনের ফলাফলের দিন তৃণমূল কংগ্রেস জয়লাভের পর আনন্দ উল্লাসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া সকেট বোমায় চোখের সামনে মেয়ের মৃত্যু দেখেছেন সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিন। তাই এক বিন্দু ভয় নেই তার। ওরা আমার জলজ্যান্ত মেয়েকে মেরেছে। চোখের সামনে সেই দৃশ্য দেখে যদি ভয় না পাই এর চেয়ে ভয় আর কোন কিছুতে নেই। রাস্তায় নেমে লড়াই করব। এখানে ভালো খারাপের প্রশ্ন নেই। তিনি এও জানান, আমি একজন সাধারন ঘরের মেয়ে। রাজনীতি রাজনীতি ওসব কিছু বুঝিনা। সত্যি কথা বলতে ভয় পাই না। তাই সিপিআইএম আমার ওপর ভরসা করে আমাকে প্রার্থী করেছে। লড়াই করতে রাস্তায় নামবো। মেয়ের খুনের বিচার চাইব। আমার জীবনে প্রশ্ন শুধু একটাই সেটা হলো লড়াই। মেয়ের মৃত্যুর পর এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন কালীগঞ্জ থানা থেকে পুলিশ সুপারের অফিস এমন কি কলকাতা হাইকোর্ট। লড়াই থামেনি। মেয়ের মৃত্যুর খুনিদের প্রকৃত বিচারের আশায় তার লড়াই জারি থাকবে বলেই জানান সাবিনা ইয়াসমিন। কালিগঞ্জ থেকে তৃণমূলকে ধুলিস্যাৎ করতে তিনি পথে নামবেন। যেই নির্বাচনের জন্য তার মেয়েকে প্রাণ দিতে হয়েছে সেই নির্বাচনেই দাঁড়িয়ে মেয়ের খুনের বিচার চাইবেন রাস্তায় নেমে।

Exit mobile version