নদিয়া: আগ্নেয়াস্ত্র ও কার্তুৎ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানার পুলিশ। বুধবার রাতে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার ছোট ব্রিজ এলাকায় দুই ব্যক্তি সহ একটি সাদা রঙের হুন্ডাই ইওন গাড়ি আটক করে। আটক হওয়া ওই দুই ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করার পর, গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং একটি ৮ মিমি তাজা গুলি উদ্ধার করা হয়। ধৃত দুই ব্যক্তির নাম বাপ্পা ঘোষ (৩৬), তার বাড়ি কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারি বানপুর এলাকায়। অন্যজন বিদ্যুৎ বিশ্বাস (৩০), সে ও কৃষ্ণগঞ্জ থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।
অভিযুক্ত ব্যক্তিরা উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্র বা গুলি রাখার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। হাঁসখালি থানায় আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং উক্ত দুই অভিযুক্তকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং এই ঘটনায় আরো কারা জড়িত আছে এবং অন্যান্য সহযোগীদের খুঁজে বের করার জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
