নদিয়া: বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী নিয়ে অসন্তোষ এবার নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির ঘোষিত প্রার্থী তারক চ্যাটার্জিকে মানতে নারাজ দলের একাংশ। তাই বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষ প্রদর্শন করছে বিক্ষুব্ধরা। একই সাথে নদীয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস কে গোটা ঘটনায় কাঠগড়ায় তুলেছে বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। কত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী মুকুল রায়। লোকসভা নির্বাচনে ও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে অনেক দেরিতে প্রার্থীর নাম ঘোষণা করলেও তাতে সন্তুষ্ট নয় বিজেপির একাংশ। বিজেপি কর্মী সমর্থকদের আশা ছিল যেহেতু দেরি করে নাম ঘোষণা করা হচ্ছে হেভি ওয়েট কাউকে প্রার্থী করতে চলেছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। কিন্তু হঠাৎ করে আজ প্রার্থী হিসেবে কৃষ্ণনগরের ভূমিপুত্র তারক চ্যাটার্জির নাম ঘোষণা করার পর দলের অন্দরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে। রাতেই বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রীতিমতো ঘোষিত প্রার্থীকে না মানার দাবি নিয়ে বিক্ষোভে নেমেছে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা।
